‘কভিড-১৯ রোগীদের জন্য আরটিপিসিআর পরীক্ষা’ কার্যক্রম উদ্বোধন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। গতকাল শনিবার বেলা ১১টায় ধানম-ির গণস্বাস্থ্য নগর হাসপাতালের দ্বিতীয় তলায় অত্যাধুনিক মলিউকিউলার ল্যাবরেটরির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রাক্তন উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম। গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য করোনাভাইরাসে আক্রান্ত রোগী মাত্র তিন হাজার টাকা দিয়ে আট ঘণ্টায় এর নিখুঁত ফল পাবেন। আর যাদের গণস্বাস্থ্যের স্বাস্থ্যবীমা আছে তাদের আড়াই হাজার টাকা দিতে হবে।
পরীক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, টেস্টের পাশাপাশি আমরা গবেষণায় মনোযোগী হয়েছি। আমরা ৫০ লাখ টাকা সংগ্রহ করেছি গবেষণার জন্য। আর আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেনটেইন করছি।
কভিড টেস্ট কেলেঙ্কারির জন্য সরকার দায়ী দাবি করে তিনি আরও বলেন, সরকারের অপরিণামদর্শিতা, চিন্তা না করে কথা বলা ও কোনো বিশেষজ্ঞের পরামর্শ না নেওয়ার কারণে এ অবস্থা। আজ থেকে দুই মাস আগে চায়না যখন ভ্যাকসিন ট্রায়াল করতে চাইল, আমি বললাম আজকেই করেন। তাহলে কি আমার দেশের লোকেরা উপকৃত হতো। তার চেয়ে লাভ হতো, আমাদের জ্ঞান বৃদ্ধি পেত, আমার দেশের লোকেরা শিখে নিতে পারত। সরকারের ওষুধ নীতির কারণে সারাবিশে^ বাংলাদেশ নাম করেছে। ঠিক একইভাবে বাংলাদেশ পৃথিবীতে নাম করত যদি এন্টিবডি টেস্টের অনুমতি দিত। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ব্যবসায়ীসহ সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী।
