মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তির অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ড. মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী চাকরিচ্যুতি ও গ্রেপ্তারের দাবি করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, ড. মোর্শেদ হাসান খান স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস উপস্থাপন করেছেন। দীর্ঘদিন কালক্ষেপণ করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরিতে বহাল রাখার চেষ্টা করলেও মুক্তিযুদ্ধ মঞ্চ তা কখনোই মেনে নেবে না।
তিনি বলেন, জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় সংবিধান লঙ্ঘন করে রেজিস্ট্রার এক সপ্তাহে চাকরিচ্যুত হলেও আরও ভয়াবহ ইতিহাস বিকৃতি ঘটিয়েও বহাল আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটি ও বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের প্রভাবশালী নেতা মোর্শেদ হাসান খান। তদন্তে জাতির পিতা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও প্রধানমন্ত্রী সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও ইতিহাস বিকৃতির প্রমাণ মেলার পর অ্যাটর্নি জেনারেলও তাকে চাকরিচ্যুতির সুপারিশ করেছেন।
তদন্ত কমিটির রিপোর্ট ও রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সুপারিশের বাইরে গিয়ে নামকাওয়াস্তে ‘লঘু’ দণ্ড দিয়ে ওই শিক্ষককে বহাল রাখার প্রক্রিয়া চলছে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এ ধরনের কোন ষড়যন্ত্র করলে তা প্রতিহত করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।
