সিলেটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৩ পিএম

বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার  জেলা বিএনপি স্বেচ্ছায় রক্তদান, আলোচনাসভা, খতমে কোরআন, দোয়া ও খাবার বিতরণের আয়োজন করে।

অন্যদিকে মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়াল আলোচনাসভা।

জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুন রশিদ মামুন, আবদুল আহাদ খান জামাল, শামীম আহমদ, আবুল কাশেম প্রমুখ।

আলোচনাসভা শেষে বাদ যোহর খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে নগরীর কোর্ট পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট, সদর উপজেলার টুকের বাজারসহ বিভিন্ন জায়গায় প্রায় ৩ হাজার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এদিকে বিকেলে মহানগর বিএনপির উদ্যোগে ভার্চুয়াল আলোচনাসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ, আদর্শবান, নির্ভীক দেশপ্রেমিক ছিলেন। তাঁর আদর্শকে অনুসরণ করেই পথ চলতে হবে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।

বক্তারা বলেন, তৃণমূলই হচ্ছে বিএনপির প্রাণ। তাই তৃণমূলের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত