কুকুরের গায়ে বাঘের মতো রং করায় দায়ী ব্যক্তির শাস্তি দাবি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১১:৩২ পিএম

রাস্তার কুকুর। তার গায়ে বাঘের মতো ডোরা কাটা দাগ। দূর থেকে দেখে কেউ বাঘের শাবক বলে ভুলও করতে পারে।

এই রকমই একটি কুকুরের ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পরই বিষয়টি নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা।

মালয়েশিয়ার একটি পশুপ্রেমী সংস্থার ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে সেই কুকুরের ছবি। শেয়ার করে লেখা হয়েছে, অভিযুক্তকে খোঁজ দিতে পারলে মিলবে মোটা অঙ্কের পুরস্কার।

মনে করা হচ্ছে, কোনও ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কুকুরটির গায়ে বাঘের আদলে রং করেছেন। নিরীহ কুকুরের ওপর এই ধরনের আচরণ দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিও তুলেছেন তারা। তাদের বক্তব্য, এই রঙের কারণে কুকুরটির চামড়ার গুরুতর ক্ষতি হতে পারে। 

তবে, কুকুরের গায়ে রং করার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ভারতেও ঘটেছে এ রকম ঘটনা। কর্ণাটকের নালুরু গ্রামের এক কৃষক তার পোষা কুকুরের গায়ে বাঘের মতো রং করেছিলেন। শ্রীকান্ত গোওদা নামের ওই কৃষক জানিয়েছিলেন, ফসল বাঁচাতে এই কাজ করেছিলেন তিনি, যাতে কুকুরটিকে বাঘ মনে করে চলে যায় খেতের ফসল নষ্টকারী অন্য প্রাণীরা।

কিন্তু মালয়েশিয়ার ঘটনা তেমন নয়। স্রেফ মজা করতেই এই কাণ্ড কেউ করেছেন বলে মনে করছেন মালয়েশিয়ার ওই পশুপ্রেমী সংগঠনের সদস্যরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত