অবশেষে স্বস্তি ফিরল চেন্নাই সুপার কিংস শিবিরে। দুই ভারতীয় ক্রিকেটারসহ সিএসকের যে ১৩ জন করোনা আক্রান্ত হয়েছিলেন, সোমবার তাদের প্রত্যেকের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার তাদের আরও একবার করোনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার রিপোর্ট যদি নেগেটিভ আসে, তাহলে তাদের করোনামুক্ত বলে ঘোষণা করা হবে। সিএসকের সিইও এই খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে ক্রিকবাজ।
চেন্নাইয়ের আক্রান্ত দুই ক্রিকেটারের মধ্যে ভারতীয় পেসার দীপক চাহার ছিলেন। আরেক ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়ও। আক্রান্ত ১৩ জনের কারও শরীরে করোনার উপসর্গ ছিল না। বৃহস্পতিবারের করোনা টেস্টে রিপোর্ট নেগেটিভ হলে ৪ সেপ্টেম্বর থেকে ফের অনুশীলনে নামবে চেন্নাই দল। এদিকে সিএসকের দুই প্রোটিয়া তারকা এনগিডি এবং ফ্যাফ ডু প্লেসি পৌঁছে গিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। নিয়ম মেনে তারা ছয় দিন কোয়ারেন্টাইনে থাকবেন। তাদেরও করোনা টেস্ট করানো হবে। সব কিছু ঠিক থাকলে ৮ তারিখ থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন ডু প্লেসি ও এনগিডি।
