মাঠ পর্যায়ে সেবাদাতাদের আচরণগত উন্নয়ন প্রয়োজন : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৩ এএম

মাঠ পর্যায়ে সেবা দিতে আচরণগত উন্নয়ন প্রয়োজন উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ইতিবাচক মনোভাব নিয়ে গ্রাহকদের সমস্যা দ্রুত সমাধান করুন। মাঠ পর্যায়ে সরাসরি গ্রাহকদের সঙ্গে যারা কাজ করেন তাদের সেবা দেওয়া ও আচরণগত প্রক্রিয়ায় আরও উন্নয়ন প্রয়োজন।

মঙ্গলবার বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) আয়োজিত ‘লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর পাওয়ার সেক্টর অর্গানাইজেসন্স’ শীর্ষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে বাংলাদেশের অগ্রগতি কোথায় যাবে তার পূর্বাভাস আপনাদের কাজের মাধ্যমে প্রতিফলন ঘটাতে হবে। আমাদের অবস্থার পরিবর্তন আমাদেরই করতে হবে। এই প্রশিক্ষণ আপনাদের নেতৃত্বের উন্নয়ন ঘটিয়ে নতুন করে কাজ করতে উদ্বুদ্ধ করবে। বিদ্যুৎ বিভাগে অংশীজন গ্রাহক। গ্রাহক সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। কোনো সমস্যা নিয়ে গ্রাহক আপনাদের কাছে আসার আগেই সেবা নিয়ে গ্রাহকদের কাছে যেতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানের করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের গতি আরও বাড়ানো উচিত। এটা শুধু ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেবে না, গবেষণার বিষয়টিও দেখবে। নবায়নযোগ্য জ্বালানির আকার বড় হচ্ছে, তাপ বিদ্যুতের আকার বড় হচ্ছে। এগুলো পরিচালনার বিষয়ও প্রশিক্ষণে থাকা প্রয়োজন।

অনুষ্ঠানে অনলাইনে আরও যুক্ত ছিলেন, বিপিএমআইর রেক্টর মো. মাহাবুব-উল-আলম, বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন প্রমুখ। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত