শাকিবের সঙ্গে লড়বেন শহীদুজ্জামান সেলিম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩১ পিএম

চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ সিনেমায় পর্দা ভাগাভাগি করেছিলেন শাকিব খান ও শহীদুজ্জামান সেলিম। সেখানে তারা যথাক্রমে দেবদাস ও চুনিলাল চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া দেখা যায় ‘এইতো প্রেম’-এ।

আবার টেলিভিশনের গুণী অভিনেতা পা রাখছেন বড়পর্দায়, সেখানেও আছেন কিং খান।

‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব ও সেলিমকে লড়তে দেখা যাবে বলে জানালেন পরিচালক অনন্য মামুন।

নির্মাণ শুরুর আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক চমক জানিয়ে রাখছেন অনন্য মামুন। সম্প্রতি তেমন একটি পোস্টে ছবি শেয়ার করেছেন শহীদুজ্জামান সেলিম ও নাট্যকার সুমন আনোয়ারের ছবি।  সঙ্গে ক্যাপশন হিসেবে লেখেন, “নবাবের সাথে যুদ্ধ করতে যুক্ত তারা… আমার দুজন পছন্দের মানুষ।”

এ সিনেমার মাধ্যমে মাহির বিপরীতে সাত বছর পর অভিনয় করতে যাচ্ছেন শাকিব। সঙ্গে আছেন অর্চিতা স্পর্শিয়া। ছয় মাস আগে ‘নবাব এলএলবি’র ঘোষণা এলেও করোনার কারণে থমকে যায় শুটিং।

৫ সেপ্টেম্বর ‘নবাব এলএলবি’ টিমে যোগ দেবেন মাহি। এর পর পাঁচ দিন পর যুক্ত হবেন শাকিব খান।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য করেছেন অনন্য মামুন। সঙ্গে ‘স্ক্রিপ্ট ডক্টর’ হিসেবে আছেন ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত দীপংকর দীপন। ছবির দৃশ্যায়ন হবে বাংলাদেশে।  তবে তিনটির গানের শুটিং হতে পারে লন্ডনে। পরিচালক জানান, করোনা পরিস্থিতির ওপর বিষয়টি নির্ভর করছে।

‘নবাব এলএলবি’ প্রযোজনা করছেন সেলিব্রিটি প্রডাকশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত