আইপিএল থেকে সরে দাঁড়ানোর আসল কারণ জানালেন রায়না

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৮ পিএম

আইপিএল না খেলেই কেন দেশে ফিরে এলেন সুরেশ রায়না, এ নিয়ে জল্পনা তুঙ্গে। চেন্নাই সুপার কিংস কর্তাদের সঙ্গে তার সম্পর্কের অবনতি নিয়েও জোর গুঞ্জন চলছে। এ অবস্থায় সব জল্পনায় ইতি টানলেন রায়না নিজে। জানিয়ে দিলেন চেন্নাই সুপার কিংস ছেড়ে সংযুক্ত আরব আমিরাত থেকে তার ভারতে ফিরে আসার প্রকৃত কারণ।

দুবাইয়ে হোটেল রুম পছন্দ না হওয়াতেই ভারতে ফিরে আসেন রায়না, এমন আলোচনা চলছে। আবার রায়না আইপিএল থেকে সরে দাঁড়ানোর পরই পাঠানকোটে ডাকাতদের হাতে তার ফুপা খুন হওয়ার খবর প্রকাশ হয়। মনে করা হচ্ছিল পরিবারের দুঃসময়ে পাশে থাকতেই তিনি তাড়াহুড়ো করে দেশে ফিরেছেন। তবে ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়েই আলোচনাটা বেশি।

এ অবস্থায় ক্রিকবাজের সঙ্গে আলোচনায় মহেন্দ্র সিং ধোনি বা চেন্নাই সুপার কিংসের সঙ্গে ঝামেলার গুজব উড়িয়ে দিয়েছেন রায়না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, চেন্নাই সুপার কিংসের সঙ্গে তার কোনো সমস্যা নেই। তিনি দেশে ফিরেছেন নিতান্তই পারিবারিক কারণে।

রায়না বলেন, ‘এটা (ফিরে আসা) নিতান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। পরিবারের জন্যই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। পরিস্থিতিটাই এমন যে, বাড়ি ফিরে কিছু সমস্যায় নজর দেওয়া জরুরি ছিল। যথার্থ কোনো কারণ ছাড়া কেউই সাড়ে বারো কোটি রুপির চুক্তি ছেড়ে চলে আসে না।’

রায়নার কথায় ফুটে উঠেছে পরিবারের কাছে থাকতেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। বলছিলেন, ‘বাড়িতে আমার পরিবারে দুটি ছোট সদস্য রয়েছে। আমার সব সময় দুশ্চিন্তা হয় যে, যদি আমার কিছু হয়ে যায়। আমার পরিবার আমার কাছে সব থেকে প্রাধান্য পায়। এমন কঠিন সময়ে ওদের জন্য দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। ২০ দিন হয়ে গেল আমি সন্তানদের মুখ দেখিনি। ফিরে এসেও আমি কোয়ারেন্টাইনে রয়েছি।’

পাঠানকোটে তার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ভয়ানক ঘটনা প্রসঙ্গে বলেন, ‘পাঠানকোটের ঘটনা অত্যন্ত ভয়ানক। ঘটনার পর থেকে পরিবারের কেউই ভালো নেই। ফিরে এসে ওদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। যদিও কোয়ারেন্টাইনে থাকায় আমি এখনো পিসির কাছে গিয়ে দাঁড়াতে পারিনি।’

মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার দিন রায়নাও অবসরের ঘোষণা দেন। তবে আরো ৪-৫ বছর আইপিএল খেলার ইচ্ছের কথা বলেছেন রায়না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত