ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল বুধবার ঢাকায় ভারতের হাইকমিশনে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোক বইয়ে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘ভারত রত্ন ’ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধু হারাল। তিনি আমাদের গর্ব এবং বাঙালি জাতি তার কাছে ঋণী।
ড. মোমেন বলেন, আমার সৌভাগ্য হয়েছিল ১৯৭৩ সালে তার সঙ্গে পরিচিত হওয়ার। আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব সময় তিনি বাঙালির মঙ্গল ও কল্যাণে নিবেদিত ছিলেন।
বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ড. মোমেন। পররাষ্ট্রমন্ত্রী মরহুমের স্বর্গসুখ কামনা করেন। এ ছাড়া তিনি প্রণব মুখার্জির শোক সন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বইয়ে স্বাক্ষরকালে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি উপস্থিত ছিলেন।
