চেন্নাইয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরানো হল রায়নাকে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০১:৫০ এএম

হঠাৎই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন চেন্নাই সুপার কিংস তারকা সুরেশ রায়না। আসরে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দিয়েছিলেন ৩৩ বছর বয়সী তারকা। কিন্তু সেখান থেকে ভারতে ফিরে আসেন তিনি।

রায়নার এই সরে দাঁড়ানো নিয়ে নানা গুঞ্জন চলছে। আবার ফের দলের সঙ্গে যোগ দিতে পারেন এমনও বলছেন অনেকে। এত সব জল্পনার মাঝেই নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রায়নাকে সরিয়ে দিয়েছে চেন্নাই। সূত্রের বরাত দিয়ে এমনই খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

রায়নার বিষয়ে চেন্নাই টিম ম্যানেজমেন্ট খুশি নয় বলে খবরে বলা হয়েছে। আর এ কারণেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাকে সরানো হয়েছে।

সূত্রের খবর, দুবাই ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই রায়নাকে নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ছেঁটে ফেলে চেন্নাই।

দুবাইয়ে হোটেল রুম পছন্দ না হওয়ায় রায়না ভারতে ফিরে আসেন, এমন খবর জানা গিয়েছিল। এ ছাড়া তার ফুপা খুন হওয়ার ঘটনাও ঘটেছে সম্প্রতি। পরিবারের পাশে থাকতে রায়না ফিরে আসতে পারেন, এমন ধারণাও করছিলেন অনেকে।

ক্রিকবাজকে অবশ্য রায়না বলেছেন, করোনা পরিস্থিতিতে ছোট্ট ছেলে-মেয়ে রেখে তার পক্ষে দীর্ঘ সময় বাইরে থাকা কঠিন। তাই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত