নাব্য সংকট

শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫০ এএম

নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘাট কর্র্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয়। এদিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ বাড়ছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে। সেখানে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।

জানা যায়, গতকাল সকাল ৬টার দিকে কলমিলতা ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে রওনা হলেও নাব্য সংকটের কারণে ফিরে আসতে হয়েছে। এ কারণে সকাল সাড়ে ৭টা থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। নাব্য সংকট কাটাতে নয়টি ড্রেজার দিয়ে নৌ চ্যানেলে ড্রেজিং করার পরও স্বাভাবিক করতে পারছে না শিমুলিয়া-কাঁঠালবাড়ী ঘাটটি।

মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) হিলালউদ্দিন জানান, সকাল সাড়ে ৭টার পর থেকেই ফেরি চলাচল বন্ধ। সকালে কলমিলতা ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে গিয়েছিল। পরে চ্যানেলে নাব্য সংকটে ফের ঘাটে ফিরে আসে। এছাড়া কাঁঠালবাড়ী ঘাট থেকে কিশোরী ফেরি আসছিল সেটিও পদ্মার চরে আটকে গিয়েছিল। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল জানান, নাব্য সংকটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

এদিকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুট ফেরি বন্ধ থাকায় যানবাহনের চাপ বাড়ছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মহিউদ্দিন রাসেল বলেন, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথ এতদিন রাতে ফেরি বন্ধ থাকত। গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের চাপ বেড়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বাস ও ছোট গাড়ি, পচনশীল ও জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত