সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘর)। পাঁচ মাস পর গতকাল শুক্রবার সকাল ১০টায় জাদুঘরের প্রধান ফটক খুলে দেওয়া হয়। এ সময় জাদুঘর কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ফটকে তাপমাত্রা মাপার ব্যবস্থাসহ মাস্ক পরা বাধ্যতামূলক করে জাদুঘরে প্রবেশের অনুমতি দেয় দর্শনার্থীদের।
সরেজমিন দেখা গেছে, জাদুঘর খুলে দেওয়ার প্রথম দিনেই বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমন ঘটেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে জাদুঘরে বেড়াতে এসেছেন বিভিন্ন বয়সী মানুষ।
ঢাকার বনানী থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা রাকিব হাসান বলেন, ‘করোনার কারণে দেশের সব বিনোদন কেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকায় পরিবারের শিশুরা অনেকটা “গৃহবন্দি” হয়ে পড়েছে। তাছাড়া তাদের স্কুলও বন্ধ। সোনারগাঁ জাদুঘর খুলে দেওয়ায় তাই আমরা সপরিবারে এখানে বেড়াতে এসেছি। খোলামেলা প্রাকৃতিক পরিবেশে এসে খুবই ভালো লাগছে।’
