নেশন্স লিগে মনোযোগী গ্রিজমান

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০২:০১ এএম

ক্লাব ছাড়তে চান জানিয়ে লিওনেল মেসি ব্যুরোফ্যাক্স পাঠানোর পর থেকে এ নিয়ে খুব একটা কথা বলতে দেখা যায়নি বার্সেলোনার বাকি খেলোয়াড়দের। তবে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। লুইস সুয়ারেজ ও আর্তুরো ভিদালের পর মেসিকে নিয়ে কথা বলেছেন সদ্য ক্লাব ছাড়া ইভান রাকিতিচ। এবার মেসি-বার্সা বিষয়ে কথা বলেছেন আন্তোইন গ্রিজমান। মেসি চলে গেলে গ্রিজমানকে ঘিরে সব পরিকল্পনা করবেন বার্সা কোচ কোম্যান এমন খবর শোনা গেছে। কিন্তু গতকাল মেসি তার সিদ্ধান্ত জানানোর আগেই গ্রিজমান আশা করেন মেসি বার্সেলোনাতেই থাকবেন। তবে গ্রিজমান জানিয়েছেন তার সকল মনোযোগ এখন নেশন্স লিগে ফ্রান্সের ম্যাচকে ঘিরে।

বর্তমানে উয়েফা নেশন্স লিগ নিয়ে ব্যস্ত বিশ্বকাপজয়ী গ্রিজমান। আজ সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতাটিতে এবারের আসর শুরু করবে ফ্রান্স। তার আগে ফরাসি টিভি চ্যানেল এমসিক্সকে মেসি-বার্সেলোনা বিষয়ে নিজের মতো জানিয়েছেন গ্রিজমান। গ্রিজমান বলেন, ‘এই ইস্যু নিয়ে আমরাও খবর রাখার চেষ্টা করি। কিন্তু এটা মেসি ও বার্সেলোনার ব্যাপার। আমরা শুধু আশা করতে পারি সে (মেসি) থেকে যাবে। আমি এখন জাতীয় দলে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। আগামী দু’ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত হতে চাই।’ ক্লাবে থেকেও মেসির বিষয়ে খুব একটা জানতে পারছেন না খেলোয়াড়রা তা বোঝা যায় গ্রিজমানের কথায়। তিনি বলেন, ‘যত ঘটনা ঘটছে এর অল্প কিছুই আমরা শুনছি। আসলে এই বিষয়ে আমরা তেমন কিছু জানি না।’ সুইডেনের বিপক্ষে খেলার পর মঙ্গলবার নিজেদের মাঠে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত