নানা টানাপোড়েনের পর জানিয়ে দিলেন, আপাতত কোথাও যাচ্ছেন না, আরও এক মৌসুম থাকছেন বার্সেলোনাতেই। এমন সিদ্ধান্তের পরও শনিবার কাতালান ক্লাবটির হয়ে সতীর্থদের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি লিওনেল মেসিকে।
বার্সেলোনার অনুশীলনে গ্রাউন্ড প্রত্যক্ষ করে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি’র একাধিক রিপোর্টার।
আগের দিন শুক্রবার গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২০-২১ মৌসুমে বার্সেলোনায় থাকার বিষয়টি জানান মেসি। তবে এ সিদ্ধান্ত নিজের ইচ্ছার বিরুদ্ধে নিতে হয়েছে বলে উল্লেখ করেন ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার।
দশ দিন আগেই ফ্যাক্স বার্তায় বোমা ফাটান মেসি। তাতে বার্সেলোনার হর্তাকর্তাদের আর্জেন্টাইন এই ফরোয়ার্ড জানান, ক্লাব ছাড়তে চান তিনি। ফ্রি ট্রান্সফার ফিতে যেন তা ব্যবস্থা করা হয়।
এরপর থেকেই মেসির সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে গুঞ্জন শুরু হয়। ঘুরে ফিরে আসছিল ম্যানচেস্টার সিটির নাম। কোনো কোনো খবরে দাবি করা হয়, ১১৩ কোটি ডলারে পাঁচ বছরের জন্য ৩৩ বছর বয়সী এই ফুটবলারকে পেতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
বিষয়টি নিয়ে যখন আলোচনা চরমে তখন মেসি সিদ্ধান্ত পরিবর্তন করেন। বার্সেলোনা থাকার সিদ্ধান্ত নেওয়ার পর শনিবার সবার নজর ছিল ক্লাবটির অনুশীলন গ্রাউন্ড হুয়ান গাম্পার ট্রেনিং কমপ্লেক্সে।
আন্তর্জাতিক মান সময় সকাল সাড়ে ৭টায় অনুশীলন শুরু হয়। অনুশীলনে সতীর্থ জর্দি আলবা ও ফিলিপে কৌতিনিয়োসহ অন্য খেলোয়াড়দের দেখা গেলেও মেসিকে দেখতে পাননি সাংবাদিকেরা।
এর আগে গত রোববার বার্সেলোনার খেলোয়াড়দের সঙ্গে বাধ্যতামূলক করোনাভাইরাস টেস্টেও অংশ নেননি ক্লাবটির সবচেয়ে বড় তারকা মেসি।
এদিকে, স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, অনুশীলনে আসার আগে মেসিকে অবশ্যই কভিড-১৯ টেস্ট দিতে হবে। রিপোর্ট নেগেটিভ আসলে সোমবার নাগাদ দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারেন তিনি।
নতুন মৌসুমের জন্য প্রস্তুতির অংশ হিসেবে, ১২ সেপ্টেম্বর স্পেনের তৃতীয় সারির দল ন্যাস্টিকের বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে বার্সেলোনার। কাতালান ক্লাবটির নবনিযুক্ত কোচ রোনাল্ড কোম্যানের অধীনে ওই ম্যাচটিতেও দেখা যেতে পারে মেসিকে।
