সার ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করেছে সরকার : কৃষিমন্ত্রী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৩ এএম

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিবান্ধব বর্তমান সরকার সার ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করেছে। দেশে সার নিয়ে কোনো সংকট নেই। সার নিয়ে কৃষকের কোনো কষ্ট নেই।

গতকাল রবিবার কৃষি মন্ত্রণালয় আয়োজিত ‘সারবিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির’ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ২০০৮ সালে ক্ষমতায় এসে শুরু থেকেই বর্তমান সরকার কৃষি উৎপাদনের ওপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে। প্রথমেই সারের দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করে। ডিএপি সারের দাম ৯০ টাকা থেকে কমিয়ে ২৮ টাকা, টিএসপি ৮০ টাকা থেকে ২২ টাকা এবং পটাশিয়াম ৭০ টাকা থেকে ১৫ টাকা নির্ধারণ করে। এটি ছিল একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সারের দাম কমানোর সিদ্ধান্ত এবং কৃষকসহ সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই বাংলাদেশে কৃষি উৎপাদন বেড়েছে এবং দেশ আজ দানাদার জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

সভায় নিবিড় ও সম্প্রসারিত চাষাবাদের প্রয়োজনে চলমান ২০২০-২১ অর্থবছরে রাসায়নিক সারের চাহিদা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে অতিরিক্ত ১ লাখ টন ইউরিয়া ও ২ লাখ টন ডিএপি সার সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলমান অর্থবছরে ইউরিয়া ২৫ লাখ ৫০ হাজার টন, ডিএপি ১৫ লাখ টন, টিএসপি, এমওপি, জিপসাম প্রভৃতিসহ সব রাসায়নিক সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে প্রায় ৬০ লাখ টন।

সভায় উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, শিল্প সচিব কে এম আলী আজম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদসহ কমিটির সদস্যবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত