বিপুল নিষিদ্ধ পলিথিনসহ গ্রেপ্তার ১০

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৩ এএম

রাজধানীর চকবাজারের দেবীদাস ঘাট এলাকায় অবৈধভাবে পলিথিন উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে র‌্যাব। এ সময় বিপুল পরিমাণ পলিথিন উদ্ধারসহ ১০ জনকে গ্রেপ্তার করে প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাচ্চু (৩০), শহিদুল ইসলাম (২৬), রফিকুল ইসলাম (২৫), মিজানুর রহমান (৩০), আলাউদ্দিন (২৯), উজ্জ্বল (৩০), আলামিন (২৩), রাসেল (২৬), রিপন (৪৫) ও শহিদ (৫০)।

গতকাল রবিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া অভিযান চলে দুপুর আড়াইটা পর্যন্ত। অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

গতকাল র‌্যাব-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে চকবাজার থানাধীন দেবীদাস ঘাট এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পলিথিন উৎপাদন ও মজুদ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি এবং বাজারজাত করে আসছে। এ সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল ঢাকার চকবাজার থানাধীন দেবীদাস ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জে কে এন্টারপ্রাইজ, ফ্রেশ রোল, মেসার্স শাওন এন্টারপ্রাইজ, আনোয়ার এন্টারপ্রাইজ এবং নামবিহীন একটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২৭ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করে (যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা)। গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ পলিথিন বিক্রি ও বাজারজাত করছেন। এই পলিথিন থেকে পরিবেশের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদন করে আসছেন। যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ বিপর্যয়ের কারণও বটে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু দেশ রূপান্তরকে বলেন, পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পলিথিনের কারখানায় ও মজুদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রথমে ১৬ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্য থেকে ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়। প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুদ ও বিক্রি করায় পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। অভিযানে পাঁচটি কারখানা থেকে ২ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করবে পরিবেশ অধিদপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত