করোনা মহামারী এখনো যায়নি পৃথিবী থেকে। তবে মানুষ কাজে ফেরা শুরু করেছে। লকডাউনের কারণে মার্চ থেকেই বন্ধ ছিল বলিউডের সব সিনেমার কাজ। এখন অনেকেই ফিরতে শুরু করেছেন শ্যুটিং সেটে। এবার সেই তালিকায় যুক্ত হলো জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুরের ‘জার্সি’। এ সিনেমার কাজ শুরু হচ্ছে শিগগিরই। ফিল্মফেয়ার ম্যাগাজিন বলেছে, এ মাসের শেষ থেকে শুরু হচ্ছে তামিল ‘জার্সি’ ছবির হিন্দি রিমেকের কাজ। নির্মাতা প্রতিষ্ঠান এবং ছবিটির পরিচালক গৌতম তিনাউড়ির ইচ্ছে ছিল এই মাসের শুরুতেই শুরু করার। তবে ক্রিকেটকেন্দ্রিক সিনেমাটিতে শহিদ কাপুরের লুকে কিছুটা পরিবর্তন নিয়ে আসার জন্য আরও কিছুদিন সময় দেওয়া হয়েছে তাকে। ইতিমধ্যেই সিনেমাটির শ্যুটিংয়ের কাজ শুরু করার ব্যাপারে মতামত দিয়েছেন সিনেমাটির আরেক অভিনেতা শহিদ কাপুরের বাবা পঙ্কজ কাপুর। ‘জার্সি’ সিনেমায় শহিদের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে। আগামী বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
এদিকে, একে একে ওটিটি প্ল্যাটফর্মে নাম লেখাচ্ছেন বলিউডের বড় বড় তারকারা। এবার যুক্ত হলো শহিদ কাপুরের নাম। অনেক দিন ধরেই শহিদের সঙ্গে নেটফ্লিক্সের চুক্তির কথা শোনা যাচ্ছিল। এবার এলো পাকা খবর নেটফ্লিক্সের জন্য একটি অ্যাকশন-থ্রিলার করতে যাচ্ছেন অভিনেতা। নাম ঠিক না হওয়া ছবিটি তৈরি হবে ১৯৮৮ সালে মালদ্বীপে হওয়া ‘অপারেশন ক্যাকটাস’ অবলম্বনে। তখন দেশটিতে সরকারবিরোধী অভ্যুত্থান ঠেকাতে এই অভিযান পরিচালনা করেছিল ভারতীয় সশস্ত্র বাহিনী। ছবিটি পরিচালনা করবেন নতুন পরিচালক আদিত্য নিমবালকর। এখানে শহিদকে দেখা যাবে ব্রিগেডিয়ার ফারুখ বুলসারার ভূমিকায়। এছাড়া শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের সঙ্গে আরও তিন ছবির জন্য চুক্তি হয়েছে অভিনেতার।
