আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আইপিএল ক্যারিয়ারও শেষের দিকে। আর সেই আইপিএলেই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন মহেন্দ্র সিং ধোনি। নেটে কখনোই গ্লাভস হাতে উইকেটকিপিং করতে দেখা যায় না তাকে। তবে এবারের ব্যতিক্রমী আইপিএল দেখল নতুন ঘটনা।
চেন্নাই সুপার কিংস নিজেদের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছে। সেখানেই দেখা যাচ্ছে ট্রেনিং ড্রিলের অংশ হিসাবে উইকেটকিপিং করছেন ধোনি। যা দেখে বিস্মিত স্বয়ং ধোনির এক সময়ের সতীর্থ ইরফান পাঠান।
কী কারণে নিজের নিয়ম ভাঙলেন ধোনি! পাঠানের ধারণা, দীর্ঘকাল ক্রিকেটের বাইরে থাকার জন্য এমনটা হয়তো করতে বাধ্য হয়েছেন তিনি।
স্টার স্পোর্টসে পাঠান বলেছেন, ‘নতুন ভিডিও দেখলাম, ধোনি অনুশীলনে উইকেটকিপিং করছেন। এমনটা আগে কখনই ঘটেনি। এটা আমার চোখে নতুন। কারণ আমি ওর সঙ্গে দীর্ঘদিন ক্রিকেট খেলেছি। জাতীয় দলের হয়ে হোক বা সিএসকের জার্সিতে ওকে কখনই নেটে উইকেটকিপিং করতে দেখিনি।’
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে পাঠান জানান, ‘দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকার ফলে এমনটা ও করতে পারে। মনে হয় একজন লেগ স্পিনারকে দিয়ে বল করাচ্ছিল। হয়তো নতুন বোলারদের মেপে নিতে চাইছে। তবে অনুশীলনে ওকে কিপিং করতে দেখে ভালো লাগছে।’
গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ সেমিফাইনালের পর আর কোনো ক্রিকেট খেলেননি ধোনি। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইপিএল। করোনার কারণে ভারতের বাইরে হবে এবারের আসরটি।
