পাঁচ জেলায় হবে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পপার্ক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:২৩ এএম

দেশীয় হালকা প্রকৌশল শিল্পের অমিত সম্ভাবনা কাজে লাগাতে ঢাকা, নারায়ণগঞ্জ, যশোর, বগুড়া ও নরসিংদী জেলায় ডেডিকেটেড লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পপার্ক স্থাপন করা হবে। শিল্পপার্কগুলোতে স্থাপিত শিল্প কারখানার জন্য দক্ষ জনবলের জোগান নিশ্চিত করতে লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউটও স্থাপন করা হবে। বিশ্বমানের প্রশিক্ষক ও প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে দেশীয় জনবলের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার লাইট ইঞ্জিনিয়ারিং বিকাশে শিল্প মন্ত্রণালয় চিহ্নিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে করণীয় নির্ধারণ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় শিল্পসচিব কেএম আলী আজম সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন এনডিসি হালকা প্রকৌশল শিল্প খাত বিকাশে প্রণীত সুপারিশ তুলে ধরেন।

এ সময় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী (পারভেজ), বিসিক পরিচালক ড. মো. আবদুস ছালাম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সেলিম উদ্দিন, বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাকসহ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআইসহ কমিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প খাতে চলমান উন্নয়ন কার্যক্রম বেগবান করতে ডেডিকেটেড শিল্পপার্ক স্থাপন, এ খাতের উদ্যোক্তাদের জন্য অল্প খরচে ফান্ড সরবরাহ ও আর্থিক প্রণোদনা প্রদান, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী ও ব্যবস্থাপক তৈরি, উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, সাবকন্ট্রাক্টিং শিল্পের বিকাশ ও আইন প্রণয়ন এবং হালকা প্রকৌশল শিল্পনীতি প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, হালকা প্রকৌশল শিল্পের বিকাশে শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত করা হবে। পাশাপাশি এ খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণন নিশ্চিত করতে সাবকন্ট্রাক্টিং আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। এজন্য বিসিককে দ্রুত আইনের খসড়া প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়।

আইন প্রণয়নের আগপর্যন্ত সাবকন্ট্রাক্টিং বিধিমালার আওতায় উদ্যোক্তাদের পণ্য বিক্রির সুযোগ বাড়াতে জাতীয় শিল্পনীতিতে বিষয়টি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। বাংলাদেশে লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের বর্তমান বাজার প্রায় ৩০ হাজার কোটি টাকার। এর মধ্যে ৯ হাজার কোটি টাকার পণ্য দেশে উৎপাদন হয়। বাকি পণ্য আমদানি করতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত