করণ জোহরের বিরুদ্ধে অভিযোগ আমির খানের ভাইয়ের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৮ পিএম

আমির খান এবং ফয়জল খান,সম্পর্কে দুই ভাই, দুজনেই সুদর্শন। ক্যারিয়ারের প্রথম দিকে একসঙ্গে সিনেমাও করেন। এতদূর অবধি সবটাই ঠিক ছিল। হিসেব মিলল না তারপর থেকে। আমির যখন একের পর এক সিনেমা করে সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে, ফয়জল তখন তলিয়ে গেছেন বিস্মৃতির অতলে। 

ভাই যখন রেকর্ড গড়ছেন, ভাই তখন কড়া নাড়ছেন পরিচালকদের দরজায়। জুটছে শুধুই প্রত্যাখ্যান। সুশান্তের মৃত্যুর পর থেকে যখন আবার বলিউডের নেপোটিজম, দলবাজি নিয়ে প্রশ্ন উঠতে থাকে, তখনই ফের মুখ খোলেন ফয়জল। আরও অনেকের মতোই তিনিও কাঠগড়ায় তোলেন করণ জোহরকে। 

আক্ষেপের সুরে তিনি বলেন, আমাদের সিনেমা না চললে খারাপ ব্যবহার, অপমান সহ্য করতে হয় অনেক। নিচু চোখে দেখা হয় আমাদের। আমাকেও এমন আচরণ সহ্য করতে হয়েছে। আমার ভাইয়ের ৫০তম জন্মদিনের পার্টিতে করণ জোহর আমার সঙ্গে অদ্ভুত আচরণ করছিলেন। আমি বুঝতে পারছিলাম আমাকে ছোট করার চেষ্টা করছিলেন তিনি। আমি যখন একজনের সঙ্গে কথা বলতে যাই, তিনি আমাকে সরাসরি অপমান করেন। এ রকম অনেক ঘটনাই ঘটেছে আমার সঙ্গে।

করণ জোহরকে নিয়ে এই অভিযোগ নতুন নয়। বলিউডের অনেকেই তার বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন। আবার কেউ কেউ নাম না করেই অভিমান ঝরিয়েছেন ধর্ম প্রোডাকশনের কর্ণধারের উপর।  কঙ্গনা রানাউত তারই শো-তে অতিথি হয়ে তাকে নেপোটিজমের ধ্বজাধারী আখ্যা দিয়েছিলেন। 

শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুর জন্যও তিনি দায়ী করেছেন কর্ণ এবং তার ‘মাফিয়া গ্যাং’-কে। তারপর থেকেই আমজনতার মধ্যেও তার জনপ্রিয়তা কমেছে খানিকটা।  ইনস্টাগ্রামে হঠাৎই ফলোয়ার সংখ্যা কমে যায় পরিচালকের। চারদিক থেকে উড়ে আসে ট্রোল, কটাক্ষ, ব্যক্তিগত আক্রমণ।

২০০৭ সালে ফয়জল পুলিশের কাছে অভিযোগ জানান, আমির তার প্রতি দুর্ব্যবহার করেন। তাকে নাকি গৃহবন্দি করে রাখতেন আমির। তার কিছুদিনের মধ্যেই তিনি নিখোঁজ হয়ে যান। অবশেষে পুলিশ তাঁকে পুণে থেকে উদ্ধার করে মুম্বইয়ে নিয়ে আসে। অভিনেতার মেডিক্যাল পরীক্ষা করে জানা যায় তিনি সেই সময় ডিপ্রেশনে ভুগছিলেন।  যদিও এ সব মানতে নারাজ ফয়জল। নিজেকে সম্পূর্ণ ভাবে সুস্থ বলে দাবি করেন তিনি।

ভাইয়ের এই বিস্ফোরক মন্তব্যের পরেও আমিরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি কখনওই।  তাঁর ছবির বক্স অফিস কালেকশনই নায়ক হিসেবে তার সাফল্যের আখ্যান শোনায়। এ দিকে ‘মেলা’-র পরে ফয়জলের আর কোনও ছবি সে ভাবে সফল হয়নি। ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে মুছে গিয়েছেন তিনি।  তবে এ বার করণ জোহরের বিরুদ্ধে তার এই অভিযোগ তাকে আরও একবার শিরোনামে এনে দিল।

সূত্র: টাইমস অব ইণ্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত