জাতীয় সংসদের চারটি শূন্য আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন গতকাল শুক্রবার ২৯ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের সাক্ষাৎকার নেবেন বিএনপির পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা। গতকাল দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি জানান, ভার্চুয়াল এ সাক্ষাৎকারে নির্বাচনসংশ্লিষ্ট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরাও সংযুক্ত থাকবেন।
সাক্ষাৎকারের এক দিন আগে গতকাল উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন, দলের এ চরম দুঃসময় ও করোনাভাইরাসের এই সংক্রমণকালে নির্বাচনী এলাকায় ছিলেন এবং নেতাকর্মীদের খোঁজখবর রাখেন এমন নেতাদের যেন পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন দেন। একই সঙ্গে একাদশ সংসদে দলের মনোনয়ন পাওয়া যেসব নেতা নির্বাচনের পর আর এলাকায় যায়নি তাদের যেন বর্জন করা হয়।
মনোনয়নপ্রত্যাশীদের এমন আশার বিপরীতে বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ও পার্লামেন্টারি বোর্ডের সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘মনোনয়নপ্রত্যাশীরা যে আবেদন রেখেছেন তা বিএনপির মনোনয়ন পাওয়ার ক্রাইটেরিয়া। তাছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন কিন্তু এখন প্রার্থী হতে চাইছেন না তাদের তো আর জোর করে মনোনয়ন দেওয়া হবে না।’
গত বৃহস্পতি ও শুক্রবার বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহ ও জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। এ সময়ে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া ২৯ জন হলেন ঢাকা-৫ আসনে সালাহউদ্দিন আহমেদ, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, নবী উল্লাহ নবী, মো. জুম্মন মিয়া, আনোয়ার হোসেন সর্দার ও আকবর হোসেন নান্টু; ঢাকা-১৮ আসনে ইশতিয়াক আজিজ উলফাত, এসএম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদি, মোস্তফা জামান, মোস্তাফিজুর রহমান সেগুন, মো. আখতার হোসেন, আব্বাস উদ্দিন; নওগাঁ-৬ আসনে আনোয়ার হোসেন, শেখ আব্দুস শুকুর, এসএম আল ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, ইছহাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম, আবু জাহিদ মো. রফিকুল আলম রফিক; সিরাজগঞ্জ-১ আসনে টিএম তাহজিবুল ইসলাম, নাজমুল হাসান তালুকদার রানা, রবিউল হাসান, সেলিম রেজা ও রুমানা মাহমুদ কনকচাঁপা।
গতকাল সকাল ৯টা থেকেই মনোনয়নপ্রত্যাশীরা নিজ নিজ সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরম জমা দেন। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল দলীয় প্রতীক ধানের শীষ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড। মনোনয়ন ফরম জমা নেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী।
সকাল সাড়ে ১০টায় ঢাকা-১৮ আসনে মনোনয়নপ্রত্যাশী যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন কয়েক হাজার নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যান। পরে রিজভী আহমেদের কাছে মনোনয়ন ফরম জমা দেন। এ সময়ে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা এ নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হিসেবে নিয়েছি। আমরা সরকারের সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকব। নির্বাচনের ফলাফল নিয়ে ফিরব।’
মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার পর নওগাঁ-৬ আসনে মনোনয়নপ্রত্যাশী আনোয়ার হোসেন বুলু বলেন, ‘মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি। আমার বিজয়ের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে।’
পরে রিজভী আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘দেশে যে দুঃশাসন চলছে তার মধ্যে গণতন্ত্র প্রসারের জন্য যেখানে আমরা যতটুকু সুযোগ পাব সেটা ব্যবহার করব। আমরা ১২ বছর নিরবচ্ছিন্ন সংগ্রাম করছি গণতন্ত্র ফেরানোর জন্য। এ ক্ষেত্রে সর্বোচ্চ নেতা থেকে তৃণমূলের নেতারা ৫০ থেকে ২৫০-৩০০ মামলা নিয়ে এ সংগ্রামে অংশ নিচ্ছে। আমরা এসব উপনির্বাচনকে সংগ্রামের অংশ হিসেবে নিয়েছি।’
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে ভোট হবে ১৭ অক্টোবর। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি।
