কুমিল্লায় স্বাস্থ্য ডিজি

সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৯ এএম

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। হাসপাতালে এসে কেউ যাতে বিনা চিকিৎসায় ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারে সংশ্লিষ্টদের সচেষ্ট থাকতে হবে। গতকাল শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল ও সদর হাসপাতাল পরিদর্শনে এসে সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

করোনা চিকিৎসায় কুমেক হাসপাতালের ভূমিকার ভূয়সী প্রশংসা করে খুরশীদ আলম বলেন, প্রতিষ্ঠার ২৮ বছর গত হলেও যে হাসপাতালে আইসিইউ ছিল না মহামারী করোনাভাইরাস সামনে রেখে সেই হাসপাতালটি আইসিইউ স্থাপন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। হাসপাতালের পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা কভিড-১৯ প্রতিরোধে যে দায়িত্ব পালন করেছেন তাতে আমি সন্তুষ্ট। এ সময় তিনি বলেন, কুমিল্লার স্বাস্থ্যসেবা উন্নয়নে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কুমেক হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান, কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. রেজাউল করিম, শিশু বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. আজিজুল হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত