তুরস্কের রাজধানী আঙ্কারাতে শনিবার হঠাৎ করেই ধেয়ে এল ব্যাপক ধূলি ঝড়। শক্তিশালী এই ঝড়ে অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের কর্মকর্তারা।
আঙ্কারার মেয়রের অফিস থেকে শেয়ার করা একটি ভিডিও ফুটেছে দেখা গেছে ঝড়ের মুহূর্ত। ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, এগিয়ে আসছে ধুলোর ঝড়, কয়েক মুহূর্তের মধ্যেই সমস্ত বিল্ডিং এর ওপরে আছড়ে পরে সব একেবারে আচ্ছাদিত করে দেয়।
তুর্কি জেনারেল ডিরেক্টর অফ মেটিরিওলজির পোস্ট করা অন্য একটি ভিডিওতে দেখা গেছে, শহরের সব বাড়িগুলোকে গ্রাস করেছে ধুলোর ঝড় এবং বজ্রপাতও হচ্ছে।
উল্লেখ্য, গত মাস থেকেই দাবদাহ ও খরার মধ্যে দিয়ে যাচ্ছে আঙ্কারা। আরও বেশ কিছুক্ষণ ওই ধুলোর ঝড় অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
আঙ্কারার গভর্নর ভিসিপ সাহিন টুইটারে জানিয়েছেন, পোলাতলী ও আশেপাশের জেলাগুলিতে প্রবল হাওয়ার জেরে ৬ নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাজধানীতে ধূলিঝড়ের পরে পার্শ্ববর্তী শহর কিরিক্কালের জন্যও সতর্কবার্তা জারি করা হয়েছে।
