মাগুরায় ছাত্রলীগ নেতারসহ ৬ বাড়িতে হামলা, ভাঙচুর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:২০ এএম

যাত্রী ছাউনি নির্মাণ নিয়ে বিরোধের জেরে মাগুরার শ্রীপুরের ওয়াবদা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রবিবার সকালে জেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম ছরোয়ার মুনের বাড়িসহ ৬টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ ঘটনার জন্য ক্ষতিগ্রস্তরা শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুনুর রশিদ মুহিতের সমর্থকদের দায়ী করেছেন।

জেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম ছরোয়ার মুন জানান, জেলা পরিষদের পক্ষ থেকে ওয়াবদা বাসস্ট্যান্ড এলাকায় শনিবার থেকে একটি যাত্রী ছাউনি নির্মাণের কাজ শুরু হয়েছে। যাত্রী ছাউনিটি গোলাম ছরোয়ার মুনদের মালিকানাধীন হাসেম সর্দার মার্কেটের সামনে পড়ায় তারা বিষয়টি নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর কাছে অভিযোগ করেন। পাশাপাশি এটি মার্কেটের সামনে থেকে সরিয়ে মার্কেট সংলগ্ন উন্মুক্ত স্থানে নির্মাণের দাবি জানিয়েছেন। জেলা পরিষদ চেয়ারম্যান বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে নির্ধারিত স্থানেই যাত্রী ছাউনি নির্মাণের জন্য চেষ্টা চালাচ্ছিল আওয়ামী লীগ নেতা হুমায়ুনুর রশিদ মুহিতের সমর্থক আলিয়ার রহমান, মহব্বত হোসেন, সুজন, এরশাদ, বাকি, রিপনসহ অন্যরা। গতকাল রবিবার সকালে হুমায়ুনুর রশিদ মুহিতের সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম ছরোয়ার মুনের মাঝাইল মান্দারতলা পশ্চিমপাড়ার বাড়িসহ ৬টি বাড়িতে ভাঙচুর করে।

এ বিষয়ে হুমায়ুনুর রশিদ মুহিত বলেন, ‘আমাকে ও মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখরকে নিয়ে কটূক্তি করায় সকালে দু’পক্ষের মধ্যে উত্তেজনা হয়েছে। পাশাপাশি বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমি কিংবা আমার কোনো সমর্থক জড়িত নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত