হাইকোর্টে জামিন পেলেন ‘রাষ্ট্রচিন্তা’র দিদার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:০০ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সামাজিক সংগঠন ‘রাষ্ট্রচিন্তা’র দিদারুল ইসলাম ভূঁইয়াকে জামিন দিয়েছে হাইকোর্ট।

জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেয়।

আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হাসনাত কাইয়ুম, কাজী জাহেদ ইকবাল ও জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

৯ আগস্ট বিচারিক আদালত দিদারুল ভূঁইয়ার জামিন আবেদন খারিজ করলে ২০ আগস্ট তার হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। এ মামলায় গ্রেপ্তার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন গত ৭ সেপ্টেম্বর বিচারিক আদালত থেকে জামিন পান।

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও ব্যবসায়ী মুশতাক আহমেদ এখনও কারাগারে রয়েছেন।

গত ৫ মে রাজধানীর রমনা থানায় তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়।

এর আগে র‍্যাব-৩ এর বিরুদ্ধে ‘রাষ্ট্রচিন্তা’ সংগঠনের সক্রিয় সদস্য দিদারুল ইসলাম ভুঁইয়াকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ জানায় তার পরিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত