কানাডার অন্টারিও শহরের মিসিসাগা হাসপাতালের উন্নয়নে কানাডার মুসলিম কমিউনিটির পক্ষ থেকে পাঁচ মিলিয়ন ডলার পরিমাণ অর্থ দেওয়া হয়েছে। কানাডার ট্রিলিয়াম হেলথ পার্টনার (টিএইচপি) পরিচালিত হাসপাতালে এই অর্থ দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিএইচপি বলেছে, এটি কানাডার ইতিহাসে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুদান হিসেবে বিবেচিত হয়েছে। এ ছাড়া আশ্রয়হীন, চিকিৎসা, পরিবারব্যবস্থা, মসজিদ নির্মাণ, সমাজসেবাসহ নানা ক্ষেত্রে সহযোগিতা করতে এগিয়ে আসার জন্য কানাডার মুসলিমদের বেশ সুনাম রয়েছে।
বিশাল এই পরিমাণ অর্থ সংগ্রহ করে স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার পেছনে রয়েছেন টিএইচপির প্রতিষ্ঠাকালীন সদস্য মুফতি আবদুল কাইয়ুম, তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী নাদিম চৌধুরী, আতা কুরাইশিসহ অন্যরা।
অন্টারিও শহরের প্রধান ডোগ ফোর্ড মুসলিমদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘অন্টারিও শহরবাসীর জন্য টিএইচপির স্বাস্থ্যসেবায় নিয়োজিত বীর চিকিৎসকদের সহযোগিতায় এগিয়ে আসায় মুফতি আবদুল কাইয়ুম ও মুসলিম কমিউনিটির প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।’
মিসিসাগার মেয়র বনি ক্রম্বি সংবাদ সম্মেলনে মুসলিম সম্প্রদায়ের উদার অনুদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমি মিসিসাগার মুসলিম সম্প্রদায়কে ধন্যবাদ জানাতে চাই যে, তারা আমাদের শহর সম্পর্কে কতটা যত্নশীল আবারও প্রমাণ করেছেন। তাদের উদারতা কখনোই হ্রাস পাওয়ার নয়।
টিএইচপির সভাপতি ও সিইও মিশেল ডিমানুয়েল এক বিবৃতিতে বলেন, একটি উন্নত ও বিস্তৃত মিসিসাগা হাসপাতাল স্বাস্থ্যকর সম্প্রদায়ের জন্য নতুন ধরনের স্বাস্থ্যসেবা দিতে আমাদের মূল চাবিকাঠি হিসেবে কাজ করবে। কামনা করছি, আমরা যেন উদ্ভাবন, যতœ-খাতির ও উৎকর্ষের সঙ্গে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে পারি। মুসলিম সম্প্রদায়ের বন্ধু-বান্ধবদের কাছে এই অতি উদার দানের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ ও আপনাদের ধন্যবাদ।
মুফতি আবদুল কাইয়ুম এক বিবৃতিতে বলেন, অন্টারিও, মিসিসাগা ও পিলের মানুষদের এই উপহারটি দিতে পেরে মুসলিম সম্প্রদায় হিসেবে আমরা গর্বিত। আমরা কানাডা জুড়ে মুসলিমদের এতে অংশ নিতে উৎসাহিত করেছি।
