জেকেজি হেলথ কেয়ারের কভিড-১৯ পরীক্ষায় ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগের মামলায় অভিযোগপত্রের সঙ্গে যুক্ত থাকা নথি ডা. সাবরিনার আইনজীবীদের দেখতে দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে এ মামলায় যেসব নথি সংশ্লিষ্ট বিচারিক আদালতে প্রদর্শন করা হয়েছে বা হবে সেসব নথিও আইনজীবীর কাছে সরবরাহ করতে বলেছে হাইকোর্ট। গতকাল সোমবার এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
গত ২০ আগস্ট সাবরিনা ও তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়। গত ২৭ আগস্ট এ মামলায় সাক্ষ্য দেন মামলার বাদী কামাল হোসেন। এর আগে আসামিদের আইনজীবীরা অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন উল্লেখ করে সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে। এরপর এ নিয়ে হাইকোর্টে আবেদন করা হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাইফুজ্জামান তুহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।
