আন্তর্জাতিক হোক বা ঘরোয়া ক্রিকেট, সব ফরম্যাটকেই বিদায় বলেছেন বেশ আগে। বয়সই তো ৫০ পেরিয়ে গেছে। কিন্তু জন্টি রোডসের কাছে এই বয়সটা শুধু সংখ্যামাত্র! সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার ফিল্ডিংয়ের ভিডিও অন্তত তাই বলে।
১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের ইনজামাম উল হককে পাখির ভঙ্গিমায় উড়ে গিয়ে করা রান আউট ক্রিকেটের ফিল্ডিংয়ের ইতিহাসে অমরত্ব দান করেছে এই দক্ষিণ আফ্রিকানকে। ৫১ বছর বয়সী জন্টি রোডস বর্তমানে আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ। সংযুক্ত আরব আমিরাতে কঠোর অনুশীলনে ব্যস্ত পাঞ্জাব, আর সেখানেই ধরা পড়ল এক বিরল দৃশ্য।
ক্রিকেট মানে যে শুধু ব্যাটিং বনাম বোলিং নয়, ফিল্ডিং বিষয়টিও গুরুত্বপূর্ণ অংশ, তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ৫১ বছরের এক ‘যুবা’। ৫১ বছর বয়সেও তার শরীরে যেন রয়েছে স্প্রিংয়ের মত ক্ষিপ্রতা। আর তা ক্যামেরাবন্দী হলো কিংস ইলেভেন পাঞ্জাবের একটি প্র্যাকটিস সেশনে।
দীর্ঘদিন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত থাকার পর এই বছর পাঞ্জাব দলের ফিল্ডিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন জন্টি। প্র্যাকটিসে ক্লোজ ইন ক্যাচ নিতে গিয়ে অবিশ্বাস্য রিফ্লেক্স দেখালেন তিনি। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে বল তালুবন্দী করলেন রোডস।
পাঞ্জাব তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও শেয়ার করার পরেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি নিজেও শেয়ার করে জন্টি লিখেছেন, ‘বয়স কোনো বাধা নয়। এখনো ওড়াটা ম্যানেজ করতে পারি কিন্তু ল্যান্ডিং একটু নড়বড়ে হয়ে গেছে।’
প্রসঙ্গত, সম্প্রতি সুইডেনের জাতীয় ক্রিকেট দলের কোচ হয়েছেন জন্টি রোডস। আইপিএলের পরই দেশটির দায়িত্ব নেওয়ার কথা তার।
