প্রথমবারের মতো কোনো বাংলাদেশি গীতিকবির কথায় গাইলেন নন্দিত সংগীতশিল্পী কবীর সুমন। গীতিকবি এনামুল কবির সুজনের কথায় গানটির সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব ধ্রুব বসু। ‘যাচ্ছে জীবন’ শিরোনামের গানে সুর করেছেন কবীর সুমন। গানটি গতকাল রেকর্ড করা হয়েছে। কবীর সুমন বলেন, ‘এ গানটি আমার এবং খুব কাছের কয়েকজন ছাত্রছাত্রীর ভীষণ পছন্দ হয়েছে। প্রত্যাশা করছি, গানটি আমার এবং এনামুল কবির সুজনের মাইলস্টোন গান হয়ে থাকবে।’ গীতিকবি সুজন বলেন, ‘এটি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা। কবীর সুমনের কাছে চিরকৃতজ্ঞ যে তিনি আমার লেখাটি সানন্দে গ্রহণ করেছেন। এটা আমার জন্য বড় প্রাপ্তি।’
উল্লেখ্য, এর আগে সুজনের লেখা গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রথীন্দ্রনাথ রায়, খালিদ, কিশোর, কোনাল, কর্ণিয়া, মাহাদী, স্বরলিপি, বেলাল খান, বাদশা বুলবুলসহ অনেক শিল্পী।
