গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া শুরু

পাওনা বুঝে পেলেন করিম জুট মিলসের শ্রমিকরা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০২:১৯ এএম

বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের পাওনা পরিশোধের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার এই কার্যক্রমের প্রথম দিনে প্রাপ্য অর্থ বুঝে পেয়েছেন রাজধানীর ডেমরার করিম জুট মিলসের শ্রমিকরা। মিলটির স্থায়ী শ্রমিক, বদলি শ্রমিক ও আগে থেকেই অবসরে যাওয়া সব শ্রমিকই তাদের প্রাপ্য বুঝে পেয়েছেন।

অর্থ মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয় ও বিজেএমসির সিদ্ধান্ত অনুযায়ী করিম জুট মিলসের শ্রমিকরা মোট ২৫১ কোটি ৫৮ লাখ টাকা পেয়েছেন। গত ১ জুলাই বন্ধ হওয়ার আগে মিলটিতে কাজ করা নিয়মিত শ্রমিকের সংখ্যা ছিল এক হাজার ৭৫৯ জন। তারা পেয়েছেন ১৯২ কোটি টাকা। বন্ধ হওয়ার আগেই অবসরে যাওয়া শ্রমিকের সংখ্যা ছিল ৬১২ জন। তাদের  পাওনা ৩৪ কোটি ৩৭ লাখ টাকা। এছাড়া ঠিকা বা বদলি শ্রমিক ছিলেন দুই হাজার ৬২৫ জন। তাদের পাওনার পরিমাণ ২৫ কোটি ২১ লাখ টাকা।

ক্রমাগত আর্থিক লোকসানের কারণে রাষ্ট্রায়ত্ত ২৫ পাটকলের সবগুলো বন্ধ ঘোষণা করা হয়। গত ১ জুলাই থেকে মিলগুলো বন্ধ রয়েছে। গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে এসব মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ এবং সরকারি বেসরকারি অংশীদারত্ব পদ্ধতিতে মিলগুলো আবার উৎপাদনে আনার ঘোষণা দেয় সরকার।

গতকাল দুপুরে কার্যক্রম উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকল শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন। তার প্রতিশ্রুতি অনুযায়ী বিজেএমসি’র বন্ধ ঘোষিত মিলগুলোর অবসরপ্রাপ্ত এবং অবসানকৃত শ্রমিকদের পাওনা নগদ ও সঞ্চয়পত্রে পরিশোধের কার্যক্রম শুরু হলো। প্রয়োজনীয় যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে বাকি মিলের শ্রমিকদের পাওনাও শিগগিরই পরিশোধ করা হবে।

তিনি জানান, এ জন্য ২৫ মিলের ২৪ হাজার ৬০৯ জন স্থায়ী শ্রমিকদের পাওনা বাবদ প্রায় চার হাজার কোটি টাকা প্রয়োজন। এছাড়া ২০১৩ সালের পর অবসরে যাওয়া দশ হাজার ১০৭ জন শ্রমিকের গ্র্যাচ্যুইটি, প্রভিডেন্ট ফান্ড (পিএফ) ও ছুটি নগদায়ন বাবদ পাওনা প্রায় এক হাজার কোটি টাকা। এ নিয়ে মোট পাঁচ হাজার কোটি টাকা প্রয়োজন।

মন্ত্রী জানান, শ্রমিকদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে পাওনার ৫০ শতাংশ নগদে এবং বাকি ৫০ শতাংশ প্রতি তিন মাস পর পর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র আকারে পরিশোধের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুযায়ী শ্রমিকদের সমুদয় পাওনা পরিশোধ করা হচ্ছে।

গতকাল এ উপলক্ষে করিম জুট মিলসে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে, এম, আব্দুস সালাম, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, পাটকল করপোরশনের (বিজেএমসি) চেয়ারম্যান আবদুর রউফ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত