টিসিবির মাধ্যমে বাজার স্বাভাবিক রাখা সম্ভব নয়: জি এম কাদের

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০১:১০ এএম

টিসিবির মাধ্যমে পেঁয়াজ সরবরাহ করে বাজার স্বাভাবিক করা সম্ভব নয় উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান জি. এম কাদের বলেছেন, টিসিবি’র মাধ্যমে একটি অংশকে রিলিফ দেওয়া সম্ভব। বাণিজ্য মন্ত্রনালয়ের মাধ্যমে পেঁয়াজ আমদানি করে বাজার স্বাভাবিক রাখা সম্ভব নয়। বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানি করতে দিতে হবে। ব্যবসায়ীদের সকল খরচসহ নির্দিষ্ট ব্যবসা নিশ্চিত করে বিক্রিতে প্রয়োজনে সরকারিভাবে তদারকি থাকতে পারে।

বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশনের সাথে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, শ্রমিকদের নামে ওঠা চাঁদায় অনেকেই দেশে অট্টালিকা তৈরী করেছে। কারো কারো অট্টালিকা বিদেশেও আছে। চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে খুনোখুনি পর্যন্ত ঘটে। শুধু ভাগ্য ফেরে না হতভাগা শ্রমিকদের।

তিনি বলেন, দেশের শ্রমিক সংগঠনগুলো এতটাই শক্তিশালী যে সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।

তিনি আরও বলেন, বরং শ্রমিক সংগঠনগুলোই অনেকাংশে সরকারকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। এটা আমাদের জন্য দূর্ভাগ্যজনক। দেশের অন্যান্য সংগঠনের মতই শ্রমিক সংগঠনগুলোকে সরকারের পুরো নিয়ন্ত্রণে রাখতে হবে।

জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশন এর সভাপতি ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক বলেন, যারা শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা লুটপাট করেছে তাদের দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে আইনের মুখোমুখি করতে হবে। মালিক কর্তৃক প্রতিটি শ্রমিকদের নিয়োগ পত্র নিশ্চিত করতেও দাবি জানান তিনি। 

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত  ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান, শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান- মেজর (অব.) আব্দুস সালাম, সাংসাদ আহসান আদেলুর রহমান প্রমুখ। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত