বাংলাদেশে আধুনিক হাসপাতাল নির্মাণের প্রস্তাব এরদোয়ানের

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০২:১৯ এএম

তুরস্কের আর্থিক সহযোগিতায় বাংলাদেশে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়া নির্যাতিত ও দুর্গত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। এ বিষয়ে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সম্ভাব্য সব বিষয়ে বাংলাদেশের পাশে থাকারও অভিমত ব্যক্ত করেন এরদোয়ান। গতকাল বুধবার আঙ্কারায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট।

দুই দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে তুরস্কের প্রেসিডেন্টের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে বিদ্যমান শুল্ক বাধা এড়িয়ে নতুন পণ্য, বস্ত্র, ওষুধ ও অন্যান্য খাতে বিনিয়োগ। এছাড়া উভয় দেশে বাণিজ্যমেলায় অংশগ্রহণ নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন এরদোয়ান।

বৈঠকে বাণিজ্যিক পণ্য আদান-প্রদানের বিষয়ে নতুন উদ্যোগ গ্রহণ, আরও বেশি প্রতিনিধি দল প্রেরণ এবং মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষা, সংস্কৃতি ও সামরিক খাতে চলমান সহযোগিতাকে শক্তিশালী হিসেবে অভিহিত করেন তারা। আলোচনায় উভয়েই বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

আগামী বছরের গোড়ার দিকে ঢাকায় অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট ও বর্তমান চেয়ার এরদোয়ান যোগদানের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন। এ প্রসঙ্গে নতুন সদস্য রাষ্ট্র যুক্ত করে ডি-৮ সম্প্রসারণের ব্যাপারে জোর দেন তিনি।

এরদোয়ান কভিড-১৯ পরিস্থিতিতে তুরস্কের পক্ষ থেকে প্রয়োজনীয় আরও সহযোগিতার আশ্বাস দেন। মহামারী কভিড-১৯ অবসানের পর দ্রুততম সময়ে ঢাকায় নবনির্মিত তুরস্কের দূতাবাস ভবন উদ্বোধনের প্রাক্কালে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন।

দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বিরতিতে উচ্চতর পর্যায়ে এফওসি বৈঠক হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন এরদোয়ান। অদূর ভবিষ্যতে উভয়পক্ষ উচ্চতর পর্যায়ে নিয়মিত আলাপ-আলোচনা চালিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ফোরাম গঠনের ব্যাপারে একমত হন। বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসওলু উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত