আমদানি করা হচ্ছে ১২৫টি ল্যাগেজ ভ্যান: রেলপথ মন্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪০ পিএম

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, রেলকে কৃষিবান্ধব হিসাবে গড়ে তুলতে  সরকার ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে। এরই অংশ হিসাবে বিদেশ থেকে ১২৫টি ল্যাগেজ ভ্যান আমদানী করা হবে। এগুলোর মধ্যে পচনশীল কৃষি দ্রব্য পরিবহণের জন্য ৩০টি রেফ্রিজারেটর সমৃদ্ধ ল্যাগেজ ভ্যান থাকবে। আমদানী করা ল্যাগেজ ভ্যানেগুলোর মধ্যে ৫০ টি ব্রডগেজ ও বাকীগুলো মিটার গেজে চলবে। 

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও নীলফামারী প্রেসক্লাব আয়োজিত জেলার সাংবাদিকদের মাঝে করোনাকালীন প্রনোদনার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, সে দেশের উন্নয়ন তত বেশি। কিন্তু বিএনপি-জামায়াত রেলকে পুরোপুরি ধ্বংস করেছে। দেশের বৃহৎতম  সৈয়দপুর রেলওয়ে কারখানা ও পার্বতীপুরে  লোকোমোটিভ ইঞ্জিন কারখানাকে পঙ্গু করেছে তারা। এক সময় সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৪ হাজার শ্রমিক কাজ করতেন এখন কাজ করে মাত্র এক হাজার ৪০০ জন।

‘বর্তমান সরকার এই কারখানাগুলোকে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এখান থেকে আগামীতে রেল ওয়াগন তৈরী করা হবে। দেশের চাহিদা পূরন করে দেশের বাইরেও রপ্তানী করা হবে। এজন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় আরো একটি ওয়াগন তৈরী কারখানা তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর এবং পশ্চিমাঞ্চল থেকে ঢাকার সঙ্গে রেল যোগাযোগে বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ কমাতে দ্বিতীয় বঙ্গবন্ধু রেল সেতু নির্মানের কাজ শুরু করা হয়েছে। সেটিতে ডবল লাইন থাকবে। কাজ শেষে এসব অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আরও বৃদ্ধি পাবে’। 

মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর অথবা ২৬ মার্চের মধ্যে চিলাহাটি হয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগের উদ্বোধন হবে। সেদিন থেকে চিলাহাটি থেকে ঢাকাগামি আরেকটি নূতন ট্রেনও চালু হবে।

সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নীলফামারীতে উত্তরা ইপিজেড স্থাপন হয়েছে। সেখানে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে। ওই ইপিজেডের উন্নয়নে সেখানে রেল সংযোগের ব্যবস্থা নেওয়া হবে। পাশপাশি পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ৬০২ একর জায়গায় আরেকটি অর্থনৈতিক জোন স্থাপন করা হচ্ছে। সেখানে উত্তরা ইপিজেডের ন্যায় ব্যাপক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী  নীলফামারী-১ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম),জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক জনকল্যাণ সম্পাদক মেহেদী হাসান।

অনুষ্ঠানে নীলফামারীর সাংবাদিকদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তাহমিন হক ববী। আয়োজকরা জানান, নীলফামারী জেলার ৭১ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত