সরকার বিদেশে অবস্থানরত প্রবাসী কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেছেন, প্রাথমিকভাবে গ্রিসে এ কার্যক্রম শুরু হলেও শিগগির বাহরাইন ও সৌদি আরবে প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের রন্ধনশৈলীবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনলাইনে অনুষ্ঠিত হয়।
ইমরান আহমদ বলেন, প্রবাসী কর্মীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে বিদেশে বসবাসরতদের জন্য এই প্রশিক্ষণ কার্যক্রমে নতুন নতুন কোর্স অন্তর্ভুক্ত করা হবে। এ সময় যথাযথ প্রশিক্ষণ নিয়ে দক্ষ কর্মী হিসেবে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান মন্ত্রী।
গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত (ভারপ্রাপ্ত) আসুদ আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। সচিব বলেন, দক্ষ কর্মী তৈরিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণকে হতে যবে যথাযথ ও বাস্তবসম্মত, যাতে প্রশিক্ষণের সঙ্গে কর্মসংস্থান নিবিড়ভাবে যুক্ত থাকে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যমান শ্রমবাজারের চাহিদা পূরণ করা সম্ভব হবে। বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরীন জাহান এবং দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) মো. খালেদ।
