কভিড-১৯ মহামারী সর্বত্র শান্তির জন্য ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক শান্তি দিবসের ৩৯তম বার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার জাতিসংঘের পিস বেল অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এটি সংঘাতকবলিত মানুষের জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই আমি বিশ্বব্যাপী যুদ্ধবিরতির জন্য তাৎক্ষণিক আবেদন জানিয়েছি।’ খবর নিউ ইয়র্ক টাইমস।
প্রতিবছর ২১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক শান্তি দিবসটি পালন করা হয়। পিস বেল অনুষ্ঠানটি বিশ্বব্যাপী লাইভ ফিডের মাধ্যমে সম্প্রচার করা হয়। জাতিসংঘ প্রধান ও সংস্থার সাধারণ অধিবেশনের নতুন সভাপতি ভোলকান বোজকির কভিড-১৯ ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে যথাযথ দূরত্ব রেখে অনুষ্ঠানে মঞ্চে দাঁড়ান।
মহাসচিব বলেন, ‘আমি পরের সপ্তাহে সাধারণ বিতর্কে পুনরায় এ আহ্বান জানাব।’ কভিড-১৯ মহামারীজনিত কারণে জাতিসংঘে বিশ্বনেতাদের বার্ষিক বৈঠক ৭৫ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ বিতর্কের প্রথম দিনটি হবে ২২ সেপ্টেম্বর।
গুতেরেস বলেন, ‘শান্তি কখনই প্রদত্ত হয় না। এটি একটি আকাক্সক্ষা, যা কেবল আমাদের সংকল্পের মতো দৃঢ় এবং আমাদের প্রত্যাশার মতো টেকসই। শান্তিপূর্ণ, স্থিতিশীল সমাজ গঠনে কয়েক দশক এমনকি শতাব্দী সময় লাগতে পারে। তবে বেপরোয়া, বিভাজনমূলক নীতি-পদ্ধতির মাধ্যমে তাৎক্ষণিকভাবেই শান্তি বিঘিœত হতে পারে।’
বোজকির বলেন, চলমান মহামারী স্বাস্থ্য, নিরাপত্তা ও সর্বত্র মানুষের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলেছে।
