রাম গোপাল ভার্মার পরিচালনায় ‘রঙ্গিলা’য় অভিনয় করেছিলেন আমির খান, ঊর্মিলা মাতন্ডকর ও জ্যাকি শ্রফ। সম্প্রতি মুক্তির ২৫ বছর পূর্ণ করা এ ছবিকে ভারতীয় সিনেমায় কাল্ট ক্ল্যাসিক হিসেবে বিবেচনা করা হয়।
মিলি, মুন্না ও কমলজিতের ত্রিভুজ প্রেম ১৯৯৫ সালে পর্দা ঝড় তোলে। সঙ্গে ছিল এ আর রহমানের দারুণ সব গান, যা ছিল এ সংগীত পরিচালকের বলিউডে অভিষেক ছবি।
সম্প্রতি এক রেডিও চ্যানেলের আয়োজনে নির্মাতা ও তারকাদের নিয়ে হয় রিইউনিয়ন প্যানেল ডিসকাশন।
সেখানে রাম গোপাল জানান, এই সিনেমা কখনো পুরো দেখেননি জ্যাকি শ্রফ। আমিরও জানালেন তার ধারণা একই।
পরিচালকের ধারণা, হয়তো কিছু দৃশ্য ইউটিউবে দেখেছেন জ্যাকি। পরে আমিরের প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, “রামু ঠিক বলেছে। আমি এর কিছু অংশ দেখেছি। আমি খুব কমই সিনেমা দেখি।” এ আর রহমান জানান, তিনি পুরো সিনেমা কখনো দেখেননি। প্রিমিয়ার সামান্য দেখেছিলেন, পরে আর নয়।
আমির জানান, ‘রঙ্গিলা’র চরিত্রটি ধারণ করতে দিনের পর দিন গোসল করেননি। সিনেমায় কোনো ডিজাইনার পোশাক ব্যবহার করেনি। রাস্তায় দেখা কারো জামা পছন্দ হলে তারা ওই ধরনের পোশাক ব্যবহার করতেন। শুধুমাত্র হলুদ রঙের একটা শার্ট সেলাই করা হয় এ সিনেমার জন্য।
‘রঙ্গিলা’র মাধ্যমে শিশুশিল্পী থেকে পুরোপুরি নায়িকা হিসেবে অভিষেক হয় ঊর্মিলার। তার মতে, এই সিনেমার সাফল্য হলো ২৫ বছর পর স্মরণ করা হচ্ছে। ‘রঙ্গিলা’ হলো চিরসবুজ ছবি।
১৯৯৫ সালের ৮ আগস্ট মুক্তি পায় ‘রঙ্গিলা’। সাড়ে ৪ কোটি রুপি বাজেটের বিপরীতে আয় করে ৩৩ কোটি রুপির বেশি।
সম্প্রতি এক মন্তব্যের জেরে ঊর্মিলাকে ‘সফটপর্ন অভিনেত্রী’ বলেন কঙ্গনা রনৌত। তার জবাবে ‘রঙ্গিলা’সহ বেশ কয়েকটি সিনেমার নাম উল্লেখ করে স্বরা ভাস্কর বলেন, এ সব সিনেমায় ঊর্মিলার অভিনয় দেখে অবাক হয়ে যান এখনো।
