দ্বিতীয় মেয়াদে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্পাদক এম বি সাইফ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৯ পিএম

টানা দ্বিতীয় মেয়াদে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম বি সাইফ (বি মোল্লা)। সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচনে ১৭টি পদের প্রতিটির বিপরীতে একটি করে বৈধ মনোনয়নপত্র পাওয়ায় তাদের সবাইকে বিজয়ী ঘোষণা করা হয়। একই সঙ্গে বিভাগীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১০ অনুযায়ী ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অন্যান্য পদ পূরণ করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে।

পরিষদে পদাধিকারবলে সভাপতির দায়িত্বে আছেন ঢাকার বিভাগীয় কমিশনার। এছাড়া পদাধিকারবলে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সহসভাপতি পদে আছেন।

নির্বাচিত তিন সহসভাপতির মধ্যে তানভীর আহমেদ টিটু পুনর্নির্বাচিত এবং এস এম এ তুহিন ও সুদেব কুমার সাহা এবারই প্রথম এই দায়িত্বে এসেছেন। অন্যদের মধ্যে যুগ্ম সম্পাদক পদে মো. জামাল হোসেনও এবার প্রথম এই দায়িত্ব পেয়েছেন। এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্যদের অধিকাংশই নতুন। চার বছর পর পর ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।

এর আগে ২০১৬ সালের পরিষদে প্রথমবারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব আসেন গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম বি সাইফ। বর্তমানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য পদে আছেন এই ক্রীড়া সংগঠক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত