করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) সাতটি কোম্পানির সঙ্গে ৫ কোটি ৬৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের নতুন বিনিয়োগ চুক্তি করেছে। এর মধ্যে সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন চীন, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার পাঁচটি ও দেশের দুটি প্রতিষ্ঠান রয়েছে। গতকাল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেপজা।
বেপজার দিকনির্দেশনায় ইপিজেডের শিল্পপ্রতিষ্ঠানগুলো বর্তমানে সাধারণ পণ্যের পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) উৎপাদন করে। এসব পণ্য দেশে ব্যবহার ও রপ্তানিও করা হয়। চলতি বছর জানুয়ারি-আগস্ট সময়ে বেপজার আটটি ইপিজেডে চালু শিল্পপ্রতিষ্ঠান ৩৯১ কোটি ৩১ লাখ ৪০ হাজার ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করেছে। এ সময়ে প্রতিষ্ঠানগুলোয় এসেছে ১৬ কোটি ৯৯ লাখ ১০ হাজার ডলারের প্রকৃত বিনিয়োগ।
ঢাকায় বেপজা কমপ্লেক্সে বেপজা ও চায়নিজ কোম্পানি মেসার্স ইউনিকর্ন লেদার গুডস ফ্যাক্টরির মধ্যে চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান এসএম সালাহউদ্দিন ইসলাম, সদস্য মোহাম্মদ ফারুক আলম, সচিব মো. নবীরুল ইসলাম, মহাব্যবস্থাপক নাজমা বিন্তে আলমগীর, মহাব্যবস্থাপক মো. তানভীর হোসেন, মেসার্স ইউনিকর্ন লেদারের ব্যবস্থাপনা পরিচালক মিজ ক্যাং ইয়ান হুং।
