ওপেনার হিসেবে ক্যারিয়ারের প্রথম ম্যাচেই স্মিথের বাজিমাত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:১২ এএম

যে কোনো পর্যায়ের ক্রিকেটে প্রথমবারের মতো ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমেছিলেন স্টিভেন স্মিথ। মঙ্গলবার আইপিএলে রাজস্থান রয়্যালস অধিনায়কের এই ‘প্রথমের’ অভিজ্ঞতাটা খারাপ হয়নি। ওপেনার হিসেবে ক্যারিয়ারের প্রথম ম্যাচেই পেয়েছেন ফিফটি।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাইয়ের বিপক্ষে ওপেন করতে নেমে ৬৯ রানের ইনিংস খেলেন স্মিথ। রাজস্থান অধিনায়ক ৪৭ বলে ৪টি করে চার ও ছক্কায় সাজান নিজের ইনিংস। তার দলও এদিন জয় দিয়ে আসর শুরু করেছে।

এই সময়ে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন ধরা হয় স্মিথকে। সাধারণত তিন নম্বরে ব্যাট করতে দেখা যায় তাকে। পেশাদার ক্রিকেটে সব মিলে ৬৯৩ ম্যাচে প্রথমবার তাকে ওপেন করতে দেখা যায় এদিন।

সদ্যই ইংল্যান্ড সফর করেছে অস্ট্রেলিয়া। সফরে টি-টোয়েন্টি সিরিজে খেললেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার মাঠে নামা হয়নি। মাথায় বলের আঘাত পেয়ে পুরো সিরিজেই দর্শক হয়ে ছিলেন এই তারকা। শঙ্কা ছিল আইপিএলে দলের শুরু থেকেই তাকে পাওয়া নিয়ে। তবে শঙ্কা দূর করে শুধু মাঠেই নামেননি, প্রথম ম্যাচেই করেছেন বাজিমাত।

দুই দিন আগেই তার খেলার কথা অবশ্য দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল। তবে চেন্নাইয়ের বিপক্ষে যে ওপেন করতে নেমে যাবেন, এমনটা ভাবনাতেই ছিল না কারো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত