কক্সবাজারের পেকুয়ায় বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা করেছেন ছেলে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছেলে নাছির উদ্দিনকে আটক করেছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার (৮৩) ওই এলাকার মৃত বদিউল আলমের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ইউনুস বলেন, নাছির উদ্দিন ও তার ভাইদের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে বিরোধ রয়েছে। মঙ্গলবার রাতে নাছির উদ্দিন ধারালো দা নিয়ে হাকাবকা করে। আমরা গিয়ে তাকে শান্ত করে বাড়িতে ঢুকিয়ে দিই। নাছির উদ্দিন বাড়িতে মাকে নিয়ে থাকত। সকালে ঘরের দরজা বন্ধ করে করে দিয়ে মাকে পেটাতে থাকেন নাছির উদ্দিন। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেলে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় শামসুন্নাহারের মরদেহ মাটিতে পড়ে থাকে।
পেকুয়া থানার এসআই সুমন সরকার জানান, বৃদ্ধা শামসুন্নাহারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় নাছির উদ্দিন নামের এক ছেলেকে আটক করা হয়েছে। বৃদ্ধার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পেকুয়া থানার ওসি (তদন্ত) মাইন উদ্দিন জানান, নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ছেলেকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
