নেত্রকোনায় আশিক ওরফে জয়তুল (২৪) নামে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যাওয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে সিআইডি।
শুক্রবার বিকেলে জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া অটিবলী গ্রামের দফাদার রিয়াজ উদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির এসআই এমদাদুল বাশার। আশিক পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গোপীনাথপুর এলাকার মৃত বজলু মিয়ার ছেলে।
এমদাদুল বাশার দেশ রূপান্তরকে জানান, ২০১৮ সালে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের মোটরসাইকেল চালক শহিদুল নামের এক যুবককে হত্যা করে সে। যাত্রী সেজে আশিক মোটরসাইকেলটি ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড ঘটায়। এরপর থেকে সে পলাতক ছিল। পরবর্তীতে মামলাটি চলতি বছর সিআইডিতে হস্তান্তর করা হয়।
গত ২২ সেপ্টেম্বর ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধারে তাকে নিয়ে রাত তিনটার দিকে পূর্বধলার জারিয়া এলকায় গেলে সেখান থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় সে পালিয়ে যায়।
এরপর আজ (শুক্রবার) পূর্বধলা থানার পুলিশের সহায়তায় চালিয়ে তাকে আটক করা হয়েছে। সে একজন কুখ্যাত ছিনতাইকারী এবং খুনসহ বিভিন্ন মামলার আসামি। এদিন তাকে হ্যান্ডকাপসহ গ্রেপ্তার করা হয়েছে, সে দফাদারের রান্নাঘরে পালিয়ে ছিল।
