ইয়ারা শাহিদির ক্যারিয়ার গ্রাফে চিরায়ত একটি চরিত্র যোগ হলো। রূপকথার চির কিশোর পিটার প্যানের সঙ্গী হতে যাচ্ছেন এই আমেরিকান অভিনেত্রী।
ডিজনির নতুন লাইভ-অ্যাকশন ‘পিটার প্যান অ্যান্ড ওয়েন্ডি’তে টিঙ্কারবেল হয়ে ধরা দেবেন ইয়ারা। সঙ্গে ক্যাপ্টেন হুক হচ্ছেন জুড ল। পিটার প্যান ও ওয়েন্ডি চরিত্রে যথাক্রমে থাকছেন আলেকজান্দ্রার মলোনি ও নবাগত এভার অ্যান্ডারসন।
সিনেমাটি পরিচালনা করছেন ‘পেটস ড্রাগন’-খ্যাত ডেভিড লয়েরি।
এবিসি চ্যানেলে ‘ব্ল্যাক-ইশ’ সিরিজে অভিনয় করেন খ্যাতি পান শাহিদি। এ ছাড়া ‘গ্রোন-ইশ’সহ কিছু সিরিজে দেখা যায় তাকে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন। তার সর্বশেষ ছবি ‘দ্য সান ইজ অলসো আ স্টার’ জনপ্রিয়তা পেয়েছে।
ইতিমধ্যে অসংখ্যবার পিটার প্যানের গল্প ছোট ও বড়পর্দায় দেখা গেছে। তবে কৃষ্ণাঙ্গ হিসেবে ইয়ারা শাহিদিই প্রথম অভিনেতা হয়ে এই গল্পে যুক্ত হলেন।
তবে কৃষ্ণাঙ্গ তারকা হিসেবে লাইভ-অ্যাকশন ছবিতে শাহিদিই প্রথম নন। ‘গ্রোন-ইশ’ সিরিজের সহশিল্পী হেলি বেরিকে লাইভ-অ্যাকশন রিমেক ‘দ্য লিটল মারমেইড’-এ অভিনয় করতে দেখা গেছে। এ ছাড়া ডিজনি প্লাসের জন্য নির্মিত ‘সিক্রেট সোসাইটি অব সেকেন্ড-বর্ন রয়্যালস’ লাইভ-অ্যাকশনে অভিনয় করেছেন আরেক কৃষ্ণাঙ্গ অভিনেতা নিলেস ফিচ।
১৯৫৩ সালে ডিজনি নির্মিত অ্যানিমেটেড ছবির সর্বশেষ সংস্করণ হিসেবে নির্মিত হচ্ছে ‘পিটার প্যান অ্যান্ড ওয়েন্ডি’। আর স্টুডিওটির সর্বশেষ অ্যাডাপ্টেশন ছিল করোনা পরিস্থিতিতে মুক্তি পাওয়া ‘মুলান’।
