সৌদি আরবে ১ অক্টোবর থেকে শিডিউল ফ্লাইটের অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এসব ফ্লাইটে প্রবাসীদের সৌদি ফিরিয়ে নেওয়া হবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বাংলাদেশ থেকে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর জন্য সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানান, সৌদি প্রবাসীদের সমস্যা সমাধানের জন্য পররাষ্ট্র এবং বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নানাভাবে চেষ্টা চালাচ্ছে। আকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা শেষ তার মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমানে ফ্লাইটের সংখ্যা কম থাকায় প্রবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ থেকে উত্তরণ ঘটাতে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ফ্লাইটের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছে বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক)।
বিমান জানিয়েছে, ১৬-১৯ মার্চের টিকিট পাওয়া যাবে ২৮ সেপ্টেম্বর। ফ্লাইট চলবে ১ অক্টোবর। ২১-২৪ মার্চের টিকিট পাওয়া যাবে ৩০ সেপ্টেম্বর। ফ্লাইট ৩ অক্টোবর। ২২ থেকে ২৩ মার্চের টিকিট ক্রয় করতে হবে ২৯ সেপ্টেম্বর। আর ফ্লাইট চলবে ২ অক্টোবর (রাত সাড়ে ১২টা), ২৪-২৫ মার্চের টিকিট ক্রয় করতে হবে ৩০ সেপ্টেম্বর। আর ফ্লাইট ৪ অক্টোবর। ২৬-২৭ মার্চের টিকিট পাওয়া যাবে ৩ অক্টোবর। ফ্লাইট চলবে ৯ অক্টোবর। ২৯-৩০ মার্চের টিকিট পাওয়া যাবে ৪ অক্টোবর। ফ্লাইট চলবে ১১ অক্টোবর।
গতকাল আব্দুল মোমেন ফোনে আলাপকালে সৌদি প্রবাসী বাংলাদেশিদের ফেরত যাওয়ার সুবিধার্থে ফ্লাইট সংখ্যা বাড়ানোর জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে অনুরোধ করেন। এ সময় তিনি আকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা প্রদানে সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান।
সৌদি এয়ারলাইনসের এক কর্মকর্তা বলেন, শনিবার ১২০০ এবং রবিবার ১৫০০ জনকে টোকেন দেওয়া হয়েছে। সোমবার দেওয়া হবে ২ হাজার ৪০০ জনকে। এরপর দেওয়া শুরু হবে ৪ অক্টোবর থেকে।
ইউএস বাংলা এয়ারলাইনসের জিএম কামরুল ইসলাম জানান, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ওমানের উদ্দেশে ইউএস বাংলার ফ্লাইট চলাচল শুরু হবে। প্রতি সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে এবং পরদিন মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মাস্কাটে অবতরণ করবে। তাছাড়া মাস্কাট থেকে মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে এবং সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। টিকিট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের কাছাকাছি ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইনসের নিজস্ব সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ফোনেও জানা যাবে বিস্তারিত (০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫)।
