চট্টগ্রামে টি কে গ্রুপের ১৭০০ কোটি টাকা বিনিয়োগ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০১:২৯ এএম

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে রাসায়নিক, ভোগ্যপণ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকারখানা স্থাপন করবে টি কে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সামুদা ফুড প্রোডাক্টস লিমিটেড। এখানে তারা ৬০ একর জমিতে ২০ কোটি ৫২ লাখ মার্কিন ডলার বা ১ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এ লক্ষ্যে গতকাল সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও সামুদা ফুড প্রোডাক্টসের মধ্যে একটি ইজারা চুক্তি সই হয়েছে। বেজার নির্বাহী সদস্য মো. আবদুল মান্নান ও সামুদা ফুডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শিল্পনগরে বিনিয়োগ উপযোগী সব অবকাঠামো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। পাশাপাশি খাতভিত্তিক প্রয়োজনীয় দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বেজা বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করেছে।

সামুদা ফুড প্রোডাক্টসের বিনিয়োগ প্রস্তাব থেকে জানা যায়, ৬০ একর জমিতে ২০ কোটি ৫২ লাখ ডলার বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ভোগ্যপণ্য ও খাদ্য প্রক্রিয়াকরণের নির্মিত কারখানায় দুই হাজার কর্মসংস্থান তৈরি হবে। কারখানায় তিনটি ইউনিট থাকবে যেমন এডিবল রিফাইনারি, কস্টিক সোডা ইউনিট ও সিড ক্রাশিং ইউনিট। এডিবল রিফাইনারি অংশে বিভিন্ন ভোগ্যপণ্য, কস্টিক সোডা অংশে অপরিশোধিত লবণ, ক্লোরিন ইউনিট ইত্যাদি থাকবে। অপরদিকে সয়াবিন জাতীয় পণ্য সিড ক্রাশিং ইউনিটে তৈরি হবে।

এরই মধ্যে টি কে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মডার্ন সিনটেক্স বঙ্গবন্ধু শিল্পনগরে ২০ একর জমি ইজারা নিয়ে শিল্প স্থাপনের কাজ শুরু করেছে। এই শিল্প স্থাপন হলে এর মাধ্যমে দৈনিক ৫০০ টন পলিয়েস্টার ফিলামেন্ট ইয়ার্ন, স্ট্যাপল ফাইবার ও পিইটি চিপস উৎপাদন হবে। আনুমানিক ১ হাজার ২৬০ কোটি টাকার এ প্রকল্পে এক হাজার কর্মসংস্থান হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত