যশোরে ছুরি মেরে ১৭ লাখ টাকা ছিনতাই

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:৪২ এএম

যশোরে একটি ব্যাংকের সামনে বোমা ফাটিয়ে ও এক ব্যক্তিকে ছুরি মেরে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে শহরের ইউসিবিএল ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, শহরের আগমনী মোটরসের স্বত্বাধিকারী ইকবাল হোসেনের ভাই এনামুল হক (২৫) দুপুরে টাকা জমা দেওয়ার জন্য মোটরসাইকেলে করে ব্যাংকে আসেন। ইমন নামে এক ব্যক্তি তার সঙ্গে ছিলেন। তারা ব্যাংকের সামনে আসার সঙ্গে সঙ্গে টাকার ব্যাগ বহনকারী এনামুলের ওপর হামলা চালায় ছিনতাইকারীরা। তারা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় তার দুই হাত, বুক ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। যাওয়ার সময় তারা একটি বোমা ফাটায়। বোমার স্পি্ন্টারে ব্যাংকের এটিএম বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা এনামুলকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেন। চিকিৎসাধীন এনামুল জানান, তিনি প্রায় ১৭ লাখ টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। ব্যাংকের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তিন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক শামস জানান এনামুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত