প্রবল স্রোতে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১২:২৪ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের দৌলতদিয়া অংশে তীব্র স্রোতের কারণে নতুন করে ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই ঘাট এলাকায় বিভিন্ন জায়গায় ভাঙন শুরু হয়।

এ ভাঙনে হুমকির মুখে পড়েছে ৩ নম্বর ফেরিঘাট এবং পাশের সিদ্দিক কাজীরপাড়া গ্রাম। ভাঙনের কবলে পড়ে ওই গ্রামসহ গুরুত্বপূর্ণ ঘাটটি পদ্মায় বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বালুভরা বস্তা ফেলে ফেরিঘাট রক্ষার চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবর মাসের প্রথম দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ব্যাপক নদী ভাঙন শুরু হয়। টানা ১৮ দিন ভাঙন অব্যাহত থাকায় তখন ১, ২ ও ৩ নম্বর ফেরিঘাট বিলীন হয়ে যায়। পাশাপাশি বিলীন হয় পাশের সিদ্দিক কাজীরপাড়া ও মজিদ শেখেরপাড়া গ্রামের কয়েক’শ পরিবারের বসতবাড়িসহ অসংখ্য গাছপালা।

পরে মেরামত করে ৩ নম্বর ঘাট চালু করা হলেও ১ ও ২ নম্বর ঘাট দুটি এখনো বন্ধ রয়েছে।

এদিকে কয়েক দিন ধরে পদ্মা নদীর পানি ও স্রোতের গতিবেগ অনেক বেশি বাড়তে থাকায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ফের নদীভাঙন শুরু হয়েছে। ফলে আবারও ৩ নম্বর ফেরিঘাট বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিআইডব্লিউটিসি’র উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম জানান, পদ্মায় পানির প্রবল স্রোত ও ঘূর্ণিপাকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নদীর পারে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে সেখানে দ্রুত জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি আরও জানান, দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট আধুনিকায়নের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের অংশ হিসেবে দৌলতদিয়া ফেরিঘাট থেকে চার কিলোমিটার উজানে এবং দুই কিলোমিটার ভাটিপথে বাঁধ নির্মাণ করা হবে। এতে প্রতি বছর ভাঙনের হাত থেকে দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট স্থায়ীভাবে রক্ষা পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত