কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম ভূঁইয়াকে উন্মুক্ত সংলাপের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী। গতকাল বৃহস্পতিবার নিজ ফেইসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।
এতে আমেরিকার নির্বাচনকে ঘিরে ‘প্রেসিডেন্ট ডিবেটর’-এর অনুরূপ ‘দাউদকান্দি উপজেলা নির্বাচন ডিবেট’ শীর্ষক সংলাপের আয়োজন করতে বিভিন্ন গণমাধ্যম, সংগঠন ও প্রতিষ্ঠানকে অনুরোধ জানান তিনি। এ ঘটনায় দাউদকান্দি উপজেলায় সুস্থ রাজনীতির সুবাতাস বইতে শুরু করেছে বলে মন্তব্য করেছে দাউদকান্দির সুশীল সমাজ।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর মোহাম্মদ আলী বলেন, ‘আমি জনগণের জন্য রাজনীতি করি বলেই ওপেন সংলাপের কথা বলেছি।’
