দুপচাঁচিয়ায় ২৩৫ চালকল মালিক কালো তালিকাভুক্ত

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১২:২৫ এএম

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় ২৩৫ চালকল মালিককে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এই চালকল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চলতি মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৫৯৬ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। চাল সংগ্রহের শেষ দিন ছিল ৩১ আগস্ট। কিন্তু নির্ধারিত সময়ে লক্ষ্য পূরণ না হওয়ায় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এরপরও মাত্র ৮ হাজার ৯১৭ টন চাল সংগ্রহ করা হয়েছে।

 উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ১৪টি অটো (স্বয়ংক্রিয়) রাইস ও ৪৭৯টি হাসকিং মিল রয়েছে। এর মধ্যে এই মৌসুমে ৩১৭টি চালকল মালিক সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তিবদ্ধ চালকলের মধ্যে ৫৯  চালকল মালিক তাদের নামে বরাদ্দের চাল সরবরাহ করেননি। এবার চালের দাম কেজিপ্রতি ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। চুক্তিবদ্ধ হয়েও চাল দেননি এমন কয়েকজন মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যাংকের ঋণের বোঝার সঙ্গে গত কয়েক বছরে চালের ব্যবসা করে পুঁজি হারিয়ে অনেকেই অন্য পেশায় জড়িয়ে পড়েছেন। বছরে সরকারিভাবে চাল দিয়ে কিছু লাভ হতো। এবার সরকারিভাবে চালের দাম কম নির্ধারণ করায় লাভের চেয়ে লোকসানের হিসাব করতে হচ্ছে। তাই চাল  দেননি তারা। সরকার তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে তা মেনে নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত