করোনায় ৭০ হাজার পোশাকশ্রমিক কাজ হারিয়েছে : রুবানা হক

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১২:২৬ এএম

দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর এ পর্যন্ত ৭০ হাজার শ্রমিক কাজ হারিয়েছে বলে জানিয়েছেন খোদ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। বুধবার রাতে ম্যাপড ইন বাংলাদেশ (এমআইবি) আয়োজিত এক অনলাইন সেমিনারে (ওয়েবিনার) তিনি এ তথ্য জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, এ পর্যন্ত ১০৬টি কারখানায় ৭০ হাজার শ্রমিক কাজ হারিয়েছে। অবশ্য তৈরি পোশাক কারখানায় শ্রমিকের চাকরিচ্যুতি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে। শ্রমিকদের দাবি অনুযায়ী এ সংখ্যা আরও বেশি। অন্যদিকে শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) হিসাবও ভিন্ন।

‘কভিড-১৯ অভিজ্ঞতা : শ্রমিকদের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক ওই ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এতে সভাপতিত্ব করেন সিইডি-ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. রহিম বি তালুকদার। ওয়েবিনারে গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রায় করোনার প্রভাব শীর্ষক একটি জরিপ প্রতিবেদনও উপস্থাপন করা হয়।

জরিপে অংশ নেওয়া শ্রমিকদের ৮২ শতাংশ জানিয়েছেন, করোনা আসার পর তাদের আয় কমেছে। ফেব্রুয়ারিতে যে উপার্জন করেছেন, মে মাসে তা কমেছে। ৭৭ শতাংশ জানিয়েছেন, করোনার সময়ে তাদের খাবার সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছিল। ৯২ শতাংশ শ্রমিক এই সময়ে খরচ আগের চেয়েও কমিয়ে দিয়েছিলেন। অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, পোশাক খাত শ্রমঘন হওয়ায় জনস্বাস্থ্যের ভারসাম্য কীভাবে রক্ষা করা যায়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। 

এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী করোনাকালে শ্রমিকদের স্বার্থে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত