শাবিপ্রবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০১:৫৬ এএম

বগুড়া সদর উপজেলার নিজ বাড়ি থেকে আছিয়া আক্তার (২১) নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া সদরের নামুজা ইউনিয়নের মথুরা গ্রামের জালাল উদ্দিনের মেয়ে আছিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে পড়তেন। 

ওসি হুমায়ুন বলেন, সকালে খবর পেয়ে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছিয়ার লাশ উদ্ধার করি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আছিয়ার বড় ভাই আল-আমিন বলেন, ‘ফজরের নামাজের পর মা আছিয়ার ঝুলন্ত লাশ দেখতে পান। আছিয়ার সঙ্গে এলাকার এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে তাকে বকাঝকা করা হয়েছিল।’

এদিকে মৃত্যুর আগে আছিয়া ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন, ‘আমার ব্যবহারে কেউ কোনোদিন কষ্ট পেলে দয়া করে আমায় মাফ করবেন। কারণ, মৃত্যু কার কখন দুয়ারে আসে আমরা কেউ বলতে পারি না; আল্লাহ পাক সবাইকে ভালো রাখবেন।’

আছিয়ার মৃত্যুর বিষয়ে বাংলা বিভাগের ছাত্র উপদেষ্টা ড. ফারজানা সিদ্দিকা বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। একটা ছেলের সঙ্গে সম্পর্কের জের ধরে আছিয়া আত্মহত্যা করেছে বলে তার বড় ভাই আমাদের জানিয়েছেন।’ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, ‘বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমরা খোঁজখবর নিচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত